আগের কার্যদিবসের মতো গতকাল সোমবারও পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে আট মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। অর্থাত্ লেনদেনের দিক থেকে আট মাস আগের অবস্হানে নেমে গেছে ডিএসই।
জানা গেছে, ডিএসইতে গতকাল ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সাত মাস ২৫ দিন বা ১৫৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছে। ঐদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০২ কোটি টাকার।
গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ৬ হাজার ৮৮২ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ দশমিক ০৮ পয়েন্ট বা ০ দশমিক ৪৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৬০ দশমিক ৩১ পয়েন্ট এবং ২ হাজার ৫৮৫ দশমিক ৩২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির বা ২৬ দশমিক ৭৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২২৮টির বা ৬০ দশমিক ৪৮ শতাংশের এবং ৪৮টি বা ১২ দশমিক ৭৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১০২ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ১৬৩ দশমিক ৪৩ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৮৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।



0 Comments