দুই ম্যাচের টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ টেস্ট দল। মুমিনুল হকদের সঙ্গে সফরে গিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ঠিক তার আগের দিনই (৩১ ডিসেম্বর) নির্বাচক হিসেবে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও রাজ্জাকের।
কার্যত নিউজিল্যান্ড সফরেই এ নির্বাচক কমিটি শেষবার দল নির্বাচন করে ফেলেছে কি না, বলা কঠিন। তবে বিশ্বকাপ ব্যর্থতা, জাতীয় দলের নাজুক পারফরম্যান্সে ক্রিকেটার, কোচ, বিসিবির মতোই তোপের মুখে আছেন নির্বাচকেরা। নির্বাচক কমিটিতে রদবদলের গুঞ্জন ক্রমশই ডালপালা গজাচ্ছে। ক্রিকেটারদের ব্যর্থতার দায়ভার বর্তাচ্ছে নির্বাচকদের ওপর। দলটাকে ছন্দে ফেরাতে সব রকম চেষ্টাই করছেন নির্বাচকেরা। সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে ২২ গজে ক্রিকেটাররা পারফর্ম না করায়।
যদিও বোর্ড পরিচালকদের সূত্রে গতকাল জানা গেছে, নির্বাচক কমিটিতে পরিবর্তন বা নির্বাচকদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তথ্য অনুযায়ী জানুয়ারিতে এসব বিষয়ে মনোযোগ দেবে বোর্ড।
২০১৬ সালে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। মেয়াদ বাড়ালে কাজ চালিয়ে যাবেন তিনি। গতকাল প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। বিসিবি মেয়াদ বাড়ালে আমরা কাজ করব।’ ২০১২ সাল থেকেই নির্বাচক কমিটিতে আছেন নান্নু ও হাবিবুল বাশার। চলতি বছরে নিয়োগ পেয়েছেন রাজ্জাক।
নিউজিল্যান্ড সফর বরাবরই কঠিন। সেরা দল নিয়েও সেখানে জয় আসেনি। এবার সাকিব, তামিমকে পাচ্ছে না মুমিনুল হকের দল। প্রধান নির্বাচকের মতে, অতীতের চেয়ে কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগটা এবার বেশি। দুই টেস্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ। এটিই আশাবাদী করছে নান্নুকে।
বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘সিরিজের আগে অনুশীলনের জন্য বেশ সময় পাচ্ছে বাংলাদেশ দল। অনুশীলন ম্যাচও আছে। যাওয়ার আগে দেশেও দুটি টেস্ট খেলে গেছে। অনুশীলন ম্যাচ খেলার পর টেস্টে নামবে সবাই। আশা করি ভালো ক্রিকেট খেলবে।’
0 Comments